রমযান মাস সমাগত। আরবি রমযান মাস মুসলিম সম্প্রদায়ের কাছে সংযমের মাস হিসেবে পরিচিত। মুসলমানদের কাছে এক তাৎপর্যপূর্ণ মাস। পার্থিব লোভ-লালসা, অপকর্ম, নেতিবাচক চিন্তা, ভোগবাদিতা ইত্যাদি থেকে দূরে থেকে নিজেকে সৎ কর্মে নিবেদিত করার মাস হিসেবে গণ্য। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এমনটিই প্রচার করা হয়ে থাকে। ধর্মীয় বিভিন্ন বরাত দিয়ে বলা হয়ে থাকে রমযান মাস নফস্ বা আত্মাকে পরিশুদ্ধ করার মাস।
বাস্তব চিত্র কি? আমরা লোভ-লালসা এবং অন্যান্য নেতিবাচকতা থেকে কতটুকু দূরে থাকি? এ মাসে যেন আমাদের চাই চাই, পাই পাই, খাই খাই অর্থাৎ লোভের মাত্রাটা বেড়ে যায় বহুগুণে। মুনাফাখোরদের মাত্রাতিরিক্ত মুনাফা লাভের, ঘুষখোরের ঘুষের, সুদখোরের সুদের মাত্রা বেড়ে যায়। কমিশনভোগীর কমিশনের হার বেড়ে যায়। চাঁদাবাজের চাঁদাবাজি বেড়ে যায়। বর্ণিত এসব চক্র হয়ে পড়ে মরিয়া। বিত্তবানরা আয়োজন করে ভুড়িভোজনের। আয়োজন চলে ইফতারের নামে পার্টির পর পার্টির। যেন রমযান মাস উৎসবের মাস। অথচ চোখের সামনে কায়ক্লেশে জীবনযাপন করে অসহায় গরীব মানুষেরা।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম তো হয়ে পড়ে আকাশচুম্বী। নিত্যপণ্যের বাজার চিত্র তার সাক্ষ্য বহন করে। ব্যবসায়ীরা মনে করে রমযান মাসই যেন তাদের অধিক মুনাফা অর্জনের মাস। এ মাসই যেন মোক্ষম সময়। ফলে ব্যবসায়ী সিন্ডিকেট মাথাচাড়া দিয়ে উঠে প্রবলভাবে। ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের জন্য হয়ে পড়ে ব্যতি-ব্যস্ত। ভাব দেখে মনে হয় এ মাসটির জন্যই যেন তারা প্রতীক্ষায় থাকে চাতক পাখির মত। ব্যবসায়ীদের অধিক মুনাফা লাভের আকাঙ্খার কারণে নাভিশ্বাস উঠে সাধারণ মানুষের। ক্রয়-ক্ষমতা লোপ পেয়ে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। এ সত্য চিত্র অস্বীকার করার কোন অবকাশ নেই। সংযমের মাসে অসংযম কর্মকান্ডের নেতিবাচক প্রভাবে জর্জরিত সাধারণ মানুষ। অতিলোভী ব্যবসায়ীরা পাগলা ঘোড়ার মত লাগামহীন ছুটে বাজার অস্থিতিশীল করে ফেলে।
সংযমের মাস, আত্মশুদ্ধির মাস রমযান মাসের চিত্র কি এমন হওয়ার কথা? অবশ্যই নয়। তবুও কেন নেতিবাচক চিত্র এ মাসে দৃশ্যমান বেশিই হয়? নেতিবাচক চিত্র দৃশ্যমান হওয়ার কারণ রমযানের অন্তর্নিহিত তাৎপর্য আমাদের উপলব্ধিতে থাকে না। থাকে শুধু রমযানের বাহ্যিকতা। ফলে আমাদের আমলে চরম ঘাটতি। রমযান মাসের অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধি ও আমলে না নিলে নেতিবাচক চিত্র দূরীভূত হবে না। এই বোধটুকু যেন আমাদের মাঝে জাগ্রত হয়। তাহলেই দূর হবে সংযমের মাসের অসংযম চিত্র। সংযমের মাসে দৃশ্যমান হবে সংযম চিত্র। আগত সংযমের মাস রমযানে এমনটিই প্রত্যাশা।
লেখক পরিচিতি: সভাপতি, সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ।
0 Comments