Header Ads Widget

Responsive Advertisement

ময়মনসিংহে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে শহীদ দিবস পালিত


বিশেষ প্রতিনিধি: ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং দেশীয় সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা লালনের অঙ্গীকার নিয়ে ময়মনসিংহে সমাজ রুপান্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একইসাথে সংগঠনটির এক যুগ পূর্তি উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ময়মনসিংহ নগরীর নাসিরাবাদ কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে ‘সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ’-এর উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ। প্রধান বক্তা ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় বক্তারা বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং অপসংস্কৃতি রোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইমতিয়াজ আহমেদ বলেন, আমরা আজ এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন আমাদের নিজস্ব সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ গত এক যুগ ধরে ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনে সুস্থ ধারার চর্চা অব্যাহত রেখেছে। আমাদের অঙ্গীকার হলো—কেবল একদিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে সারা বছরই যেন আমরা বাংলা ভাষা ও দেশপ্রেমের চেতনা হৃদয়ে লালন করি। এক যুগ পূর্তির এই মাহেন্দ্রক্ষণে আমরা সমাজকে কুসংস্কারমুক্ত ও সংস্কৃতিমনা করে গড়ে তোলার শপথ নিচ্ছি।"

এছাড়াও তিনি শহীদ মিনারে প্রভাতফেরীর আয়োজন নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন ও সাংস্কৃতিক অঙ্কনকে অসহযোগিতা করার জন্য প্রশাসনের তীব্র সমালোচনা করেন। সেই সাথে সামনের বছর থেকে শহীদ দিবসের অনুষ্ঠান যাতে সুন্দরভাবে সম্পন্ন হতে পারে সেজন্য নবনির্বাচিত সরকারের পদে দৃষ্টি আকর্ষণ করেন।

ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে ও মো: রেজাউল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন 
বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ভূঁইয়া,
বীরমুক্তিযোদ্ধা মো: শাহজাহান, প্রকৌশলী এম এ জিন্নাহ, অঞ্জন সরকার, আবু বক্কর সিদ্দিক রুমেল, আব্দুল হান্নান আল আজাদ,  সাংবাদিক শফিয়েল আলম সুমন, মো: মাসুদ করিম, শাহরিয়ার আহমেদ আশিক, সৈয়দ আরমান হোসেন ইমন, আবু সাঈফ মোহাম্মদ সাইফুল্লাহ, মো: আবির হোসেন, সাদ্দাম হোসেন রিমন, তানজিল হোসেন মুণিম, রায়হান আকন্দ,  মো: সজিব আকন্দ, মো: রফিকুল ইসলাম রফিক, আকাশ সরকার প্রমূখ।

আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
 

Post a Comment

0 Comments