চরকা ডেস্ক ঃ
প্রধানমন্ত্রী ঘোষিত জনপ্রতি পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার ময়মনসিংহ সিটির ৩৩টি ওয়ার্ডের ৬৮৭ জন পরিচ্ছন্নতা কর্মীকে প্রদান করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ময়নসিংহ সিটির প্রশাসক রুকনুজ্জামান সরকার রুকন মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে টাউনহল অডিটরিয়ামে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে নগদ টাকা তুলে দেন। এবছরই প্রথম সিটির পরিচ্ছন্নতা কর্মীরা এ ধরনের ঈদ উপহার পেলেন। ঈদের আগে নগদ টাকা উপহার হাতে পেয়ে খুশিতে উচ্ছ্বসিত স্বল্প আয়ের অস্বচ্ছল এই কর্মীরা। নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করপোরেশন সচিব সুমনা আল মজিদ।
নগদ অর্থ প্রদানকালে সিটি প্রশাসক রুকনুজ্জামান সরকার রুকন বলেন, সিটি করপোরেশনের মালিক জনগণ। তাদের ট্যাক্সের টাকায় চলে করপোরেশন। নাগরিকরা চায় শহর সুন্দর পরিচ্ছন্ন থাকবে, এই দাবি বাস্তবায়নের দায়িত্ব আমাদের। ৩৩টি ওয়ার্ডে ৬৮৭ জন পরিচ্ছন্নকর্মী কাজ করেন। আপনারা সবাই আমার সহকর্মী। আমি আপনাদের লোক। আমরা আপনারা সবাই জনগণের সেবক। প্রতিদিন পালা করে নিয়মিত একটি করে ওয়ার্ড পুরোপুরি পরিচ্ছন্ন করা হবে। শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদের। আপনারা জনগণের একটি দাবি পূরণ করুন। আমি আপনাদের সব সমস্যা সমাধানে পাশে থাকব।
সিটি প্রশাসক আরও বলেন, আপনাদের বেতন বাড়ানোর জন্য আন্দোলন করতে হবে না। আপনারা জনগণের জন্য কাজ করুন; আপনাদের জন্য আমি আছি কথা দিলাম। বেসরকারি হাসপাতালে ২০% কম মূল্যে চিকিৎসা সেবা পাবেন আপনারা। এ জন্য ঈদের পর আপনাদের হেলথ কার্ড করে দেওয়া হবে। এখন ডেঙ্গুর সময়, নাগরিক স্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গু প্রতিরোধে শহর পরিষ্কার রাখাটা জরুরি। আমি অগ্রাধিকার ভিত্তিতে তিনটি কাজ করতে চাই। রাস্তায় ময়লা থাকবে না, ড্রেন পরিষ্কার করতে হবে। যানজট নিরসন করব। এজন্য সকলের সহযোগিতা চাই।
নগদ অর্থ পেয়ে আরও বেশি কাজ করার ঘোষণা দেন কর্মীরা। দৈনিক হারে জনপ্রতি বেতন ২৯১ টাকার পরিমাণ বাড়ানোর দাবি জানান কর্মীরা। নগদ অর্থ প্রদান শেষে ঈদগাহ মাঠ পরিদর্শন করেন প্রশাসক।

0 Comments