বিশেষ প্রতনিধি ময়মনসিংহ নগরীর নাটকঘর লেনে ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণকারী অভিযুক্ত ও গ্রেফতারকৃত কাজল চক্রবর্তী (৫৫)'র দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে আজ (০৫ মার্চ ২০২৬) বিকাল ০৩ টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে প্রায় ঘন্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশ চলমান থাকে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সমাজ আজ বিকৃত মানসিকতায় সয়লাভ। অহরহ ঘটছে ধর্ষণের ঘটনা। যেন হিংস্র নেকড়ে ছেয়ে গেছে পুরো দেশ, সমাজ। তারই প্রেক্ষাপটে ময়মনসিংহ নাটকঘর লেনে কাজল চক্রবর্তী কর্তৃক ১০ বছরের শিশুে ধর্ষিত হয়েছে। মানুষরূপী এসব হিংস্র নেকড়েদেরকে কঠোর হস্তে দমন করা অজ জরুরী হয়ে পড়েছে সুস্থ সমাজের স্বার্থে। যে সমাজে রাষ্ট্র কন্যাশিশু নিরাপদ নয় সে সমাজ রাষ্ট্র সভ্য নয। চলমান রোজার মাসেও প্রতিদিন ঘটছে ধর্ষণ বিশেষ করে শিশু ধর্ষণ। দিনদিন সমাজ, রাষ্ট্র অসভ্যতার দিকে ধাবিত হচ্ছে। এদেশ ধর্ষণের উপত্যকা হয়ে যাক, তা আমরা চাই না। ময়মনসিংহ নগরীর নাটকঘর লেনে কাজল চক্রবর্তী (৫৫) কর্তৃক শিশুকে ধর্ষণ করার নির্মম, বর্বর, পাশবিক ঘটনাটির বিচার দ্রুততার সাথে সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এমন বর্বরচিত্র আমরা মেনে নিতে পারি না। এই ধর্ষণ ঘটনার বিরুদ্ধে ধর্ষকের বিচারের দাবীতে ধারাবাহিক আন্দোলন চলবেই।
সমাজ রূপান্তরের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, দেশে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই। ফলে , বিচারহীনতার কারণে অপরাধ বেড়েই চলছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ধারা ৯'তে স্পষ্ট করে বলা আছে, 'যদি কোন পুরুষ কোন নারী বা শিশুকে ধর্ষণ করেন, তাহা হইলে তিনি মৃত্যুদন্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদন্ডেও দন্ডনীয় হইবেন।'এই স্পষ্ট আইন থাকার সত্ত্বেও কেন ধর্ষকদের বিরুদ্ধে যথাযথ বিচার নিশ্চিত করা হচ্ছে না? সে প্রশ্ন আজ জাতির সামনে। ধর্ষণের বিচার কার্যক্রম জটিল না করে সহজকরণ ও দ্রুততম সময়ে নিষ্পত্তি করতে হবে। বিদ্যমান আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে ধর্ষণজনিত অপরাধ অনেকটা কমে আসবে। এছাড়া সরকারের পাশাপাশি ধর্ষণের ব্যাপারে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সচেতন মানুষদেরকে সমাজে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির করতে হবে। এ ব্যাপারে সকল বিবেক সম্পন্ন মানুষদেরকে এগিয়ে আসতে হবে।
সমাজ রূপান্তরের সভাপতি ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহরিযার আহমেদ আশিকের সার্বিক পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখে আবু বকর সিদ্দিক রুমেল, কমল সরকার, আব্দুল হান্নান আল আজাদ, সাংবাদিক শফিয়েল আলম সুমন, মো: রেজাউল ইসলাম, নাজমুল হাসান রাজু খান, তানজিল হোসেন মুণিম, সৈয়দ আরমান হোসেন ইমন, আবু সাইফ মুহাম্মদ সাইফুল্লাহ, সাদ্দাম হোসেন রিমন, মো: আবির হোসেেন, মো: রফিকুল ইসলাম রফিক, মো: আব্দুল্লাহ আল মামুন লিটন, মো: সোহেল মিয়া, ধর্ষিতার দাদী প্রমূখ।
0 Comments